অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুর্দান্ত এ জয়ের পর টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের গণমাধ্যম অনুবিভাগ থেকে পাঠানো বার্তায় মাশরাফি বাহিনীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়দের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আসছে শুক্রবার ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে বাংলাদেশ।
এখন পর্যন্ত এ টুর্নামেন্টে দুইবার ফাইনাল খেলেও শিরোপাবঞ্চিত টাইগাররা। এবার সেই গেরো ঘুচবে বলে আশা কোটি ক্রিকেটপ্রেমীর।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউ ইয়র্কে বুধবার জাতিসংঘ অধিবেশনের ব্যস্ততার ফাঁকে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে এসে ক্রিকেটারদের জন্য তার শুভেচ্ছা পৌঁছে দেন।
তিনি বলেন, “আমি আমার ক্রিকেট টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। দোয়া করি, তারা যে জয়ের ধারার সূচনা করেছে, সেটা যেন অব্যাহত থাকে।”
আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “ইনশাল্লাহ, আমরা আরও জিতব, জয় আমাদের।”
বুধবার আবু ধাবিতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের পৌঁছে যায় । শুক্রবার দুবাইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন করতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে তার সফরসঙ্গীদের মিষ্টিমুখ করান।





