বাস্তবতা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনাকে আমরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করে যাচ্ছি।
জড়িতরা শাস্তি পাবেই। রোববার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জঙ্গিরা এখন আর সক্রিয় নেই। তারা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। আর আমরাও সতর্ক রয়েছি। তলে তলে জঙ্গিরা যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সত্য, হামলার পর বিশ্বে বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু, বিদেশিরাই তো নিজেদের ইমেজ ধরে রাখতে পারছে না। আমাদের ইমেজ সংকট কিভাবে বলবেন? তাদের তুলনায় আমাদের দেশ এখন অনেক নিরাপদ।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক প্রাণ হারান। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি, একজন ভারতীয়, ৯ ইতালীয় এবং সাতজন জাপানি নাগরিক।
প্রায় ১২ ঘণ্টার ওই ‘জিম্মি সংকট’ শেষ হয় সেনাবাহিনীর কমান্ডো অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’ দিয়ে। অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্টুরেন্টের শেফ সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন।
নিহত জঙ্গিরা হলেন নিবরাস ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জল ওরফে বিকাশ। ওই ঘটনার পরই দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এসব অভিযানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় সরাসরি জড়িত হিসেবে চিহ্নিত ২২ জনের মধ্যে বিভিন্ন সময় ১৩ জন নিহত হন।