ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের অন্তর্ভুক্তি বাতিল করার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তবে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা জানান।
৭ কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে ঢাবি শিক্ষার্থীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়। অন্যদিকে সময়ে মতো পরীক্ষা নেয়া, ফল প্রকাশসহ বিভিন্ন বিষয় নিয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও অসন্তুষ্ট। আন্দোলনে নামছেন তারাও।
প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। সফর শেষে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে ফিরে আসলে যৌক্তিক বাস্তবসম্মত বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু এর আগে তারা যেন রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট না দেয়, জনদুর্ভোগ সৃষ্টি না করে। সেই ব্যাপারে তাদের অনুরোধ করছি, তারা যেন ধর্মঘটের পথ থেকে বিরত থাকে।’
তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই আলাপ-আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান করা যায়, সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগে ঠেলে না দেয়ার পরামর্শ আমি তাদের দিচ্ছি।’
অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।









