বছরের প্রথম দিনই সুখবর পেলেন ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। টেস্টে ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছেন। ভেঙেছেন রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড। বুমরা টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন।
ব্রিজবেন টেস্ট শেষে অশ্বিনের রেকর্ড ৯০৪ রেটিং পয়েন্ট স্পর্শ করেন বুমরা। মেলবোর্নে দল হারলেও ৯ উইকেট শিকারের পর অশ্বিনকেও ছাড়িয়ে গেছেন। সার্বিকভাবে রেটিংটা আবার টেস্ট বোলারদের মধ্যে ইংল্যান্ডের স্পিনার ডেরেক আন্ডারউডের সঙ্গে যৌথভাবে ১৭তম সেরা। এই তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের পেসার সিডনি বার্নস। তার রেটিং (৯৩২)। তার পর জর্জ লোহম্যান (৯৩১), তিনে ইমরান খান (৯২২) এবং চারে মুত্তিয়া মুরালিধরন (৯২০)।
এদিকে, টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। বক্সিং ডে টেস্টে ৬ উইকেট নেওয়ায় ১৫ রেটিং পয়েন্ট বেড়েছে তার। তাই বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও এগিয়েছেন তিনধাপ। মেলবোর্নে জিততে বোলিং নৈপুণ্যের পাশাপাশি মূল্যবান ৯০ রানে অবদান রেখেছেন।
সেঞ্চুরিয়ন টেস্টে পাকিস্তানকে হারাতে বল হাতে দারুণ ভূমিকা ছিল দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেনের। নিয়েছেন ৭ উইকেট। তাতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে পাঁচ নম্বরে বসেছেন তিনি। পাশাপাশি ক্যারিয়ারে এবারই প্রথম রেটিং পয়েন্ট ৮০০ অতিক্রম করেছেন।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতীয় ওপেনার যশ্বসী জয়সওয়ালেরও। একধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চতুর্থস্থানে জায়গা করে নিয়েছেন। তিন ধাপ এগিয়ে সাতে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথ। পাকিস্তানের সৌদ শাকিলও তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন।





