এনসিপির সমাবেশ শুরু

0
51

জুলাই বিপ্লবে শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্যের মাধ্যমে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়।

শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল বলেন, আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই, এভাবে আর কোনো ভাই তার আদরের টুকরা ভাইকে না হারাক, কোনো মায়ের বুক খালি না হোক, বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।

এদিকে সমাবেশস্থলে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত বড় আকারের কয়েকটি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জুলাই আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ ভিডিওচিত্র, যা আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপটকে জীবন্ত করে তুলছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে তারা ২৪ দফা বিশিষ্ট ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন। এই ইশতেহারে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাসনীতি এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে।

নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়- এটি শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় শপথ ও ঐক্যের প্রতীক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here