স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক

0
33

২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গের (নন মেলানোমা লেসন) কথা টের পেয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। এরপর বিশ্বকাপজয়ী এই তারকা বিভিন্ন দফায় এর চিকিৎসাও নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সেসবের আপডেট তথ্য জানিয়ে আসছিলেন ক্লার্ক। নতুন করে ক্যান্সারের একটি অংশ অপসারণের পর তিনি আবেগঘন বার্তা দিয়েছেন।

আজ (বুধবার) ইনস্টাগ্রামে দেওয়া একটি ছবির সঙ্গে ক্লার্ক লিখেছেন, ‘ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে (স্কিন) ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।’

এর আগে ২০১৯ সালে কপালে ক্যান্সারের একটি অংশ দূর করার কথা জানিয়েছিলেন ক্লার্ক। সার্জারি শেষে তিনি তরুণদের উদ্দেশে দেওয়া এক বার্তায় লিখেছিলেন, ‘আরেকটি দিন, আরেকটি স্কিন ক্যান্সারের অংশ আমার মুখ থেকে অপসারণ করা হলো…ঘরের বাইরে যাওয়া তরুণদের বলব– তোমরা রোদ থেকে নিজেদের ত্বককে রক্ষা করো।’

অজি সংবাদমাধ্যম ৭নিউজ এক প্রতিবেদনে জানায়, স্বাভাবিকভাবেই ক্রিকেট ক্যারিয়ারে লম্বা সময় রোদে কাটিয়েছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার হয়ে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারেই কেবল ১১৫টি টেস্ট, ২৪৫ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। এর বাইরেও ছিল ঘরোয়া, ফ্র্যাঞ্চাইজি এবং বিভিন্ন পর্যায়ের ক্রিকেট ম্যাচ। তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ সূর্যের সরাসরি আলো, যে কারণে ঘরের বাইরে গেলে নিজেদের ত্বক ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন।

২০১০ সাল থেকে অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলের দূত হিসেবে কাজ করছেন মাইকেল ক্লার্ক। তার প্রথম বার্তা দেওয়ার মাস দুয়েক আগে আরেক অজি কিংবদন্তি ইয়ান চ্যাপেলও স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেন। বেশ কয়েক বছরের চিকিৎসা ও রেডিওথেরাপির মাধ্যমে যার বিভিন্ন অপসারণ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here