প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই অরিজিৎ সিংকে ঘিরে তোলপাড় চলছে সংগীতপ্রেমী ও সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ২৭ জানুয়ারি দেওয়া এক পোস্টে জনপ্রিয় এই গায়ক জানান, তিনি আর কোনো নতুন প্লেব্যাক গান গাইবেন না।
ঘোষণার পর থেকেই সামনে আসছে অরিজিতের পুরোনো সাক্ষাৎকার ও সংগীতজগতের বিভিন্ন তারকার মন্তব্য। সেসব দেখে অনেকেরই ধারণা, বহুদিন ধরেই হয়তো এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছিলেন তিনি। এমনই একটি পুরোনো সাক্ষাৎকার সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে।
অস্কারজয়ী সুরকার এ আর রহমান বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংকে নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন। সেখানে অরিজিতকে ‘রেকলেস’ (খামখেয়ালি বা বেপরোয়া) বলে উল্লেখ করে রহমান বলেন, ‘ও একজন অসাধারণ সংগীতশিল্পী। ও নিজেই প্রযোজক, প্রোডাকশন বোঝে। আবার একটু রেকলেসও। যেমন নিজের গ্রাম থেকেই কাজ করে, যা আমার কাছে খুবই কুল লাগে।’
এ আর রহমানের সঙ্গে অরিজিতের সেরা গান কোনটি? এমন প্রশ্নে সুরকার বলেন, সম্ভবত ‘তুম হি হো’ ও ‘ওহ গড’।
উল্লেখ্য, ইমতিয়াজ আলি পরিচালিত ২০১৫ সালের সিনেমা তামাশা-তে ‘তুম হি হো’ গানটি দীপিকা পাডুকোন ও রণবীর কাপুরের ওপর চিত্রায়িত হয়েছিল। এই গানেই প্রথমবার অরিজিৎ সিং ও আলকা ইয়াগনিক একসঙ্গে কাজ করেন।
নিজের চোখের সামনে বেড়ে ওঠা শিল্পীদের সাফল্য নিয়ে এ আর রহমান বলেন, ‘আমি এটা খুব উপভোগ করি। একজন সংগীতশিল্পীর সাফল্য মানেই সংগীতের সাফল্য। বিশেষ করে আগের প্রজন্মের সেই ধারণা, সংগীতশিল্পীরা নাকি খারাপ মানুষ, মদ-সিগারেটে আসক্ত-এই ধারণা ভাঙতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের সামনে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংয়ের মতো তরুণ রোল মডেল আছে, যারা পরিচ্ছন্ন জীবনযাপন করে মানুষের জন্য এত কিছু দিচ্ছে। এতে আমি গর্বিত।’
সূত্র: এনডিটিভি।



