আটকে গেল ‘টাইগার ভার্সেস পাঠান’

0
21

বলিউডের ইতিহাসের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছিল ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাকে। কারণ, এই সিনেমার মাধ্যমে একই পর্দায় আবির্ভাব হওয়ার কথা ছিল বলিউড কিং শাহরুখ খান ও সালমান খানকে; যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত এই ছবিতে এই দুই নায়ককে মুখোমুখি দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা।

কিন্তু শোনা যাচ্ছে এক দুঃসংবাদ! এই সিনেমার কাজ আপাতত স্থগিত করা হয়েছে- এমনটাই খবর মিলল ভারতীয় গণমাধ্যমে। বলা হচ্ছে, আকাশচুম্বী বাজেটের কারণে প্রযোজনা সংস্থা আপাতত সিনেমাটির কাজ সামনে না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রোডাকশন পর্যায়েই ব্যয়ের হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে শাহরুখ ও সালমানের মতো শীর্ষ দুই তারকার পারিশ্রমিকই এই বাজেটের একটি বড় অংশ। ধারণা করা হচ্ছে, শুধু এই দুই অভিনেতার পারিশ্রমিক বাবদই খরচ হতো প্রায় ২০০ কোটি রুপির বেশি। এর সঙ্গে আন্তর্জাতিক লোকেশন, উচ্চমানের স্টান্ট এবং ভিএফএক্সের খরচ মিলিয়ে মোট বাজেট এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে বড় ঝুঁকির বলে মনে করছে প্রযোজনা সংস্থা।

শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর এই ক্রসওভার সিনেমার পরিকল্পনা করেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। করোনা-পরবর্তী সময়ে হিন্দি সিনেমার ব্যবসায় নতুন প্রাণ ফিরিয়েছিল ‘পাঠান’। সেই ধারায় বলিউডের ‘স্পাই ইউনিভার্স’কে আরও বড় ক্যানভাসে তুলে ধরার লক্ষ্য ছিল স্টুডিওর।

তবে বর্তমান সময়ে বিশ্বব্যাপী বক্স অফিসের অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান নির্মাণ ব্যয়ের কারণে বড় বাজেটের ঝুঁকি নিতে চাইছে না যশ রাজ ফিল্মস। তবে প্রকল্পটি একেবারে বাতিল করা হয়নি; বরং বর্তমান বাজার পরিস্থিতির কথা মাথায় রেখে একে ‘পজ’ বা সাময়িক বিরতিতে রাখা হয়েছে। সঠিক সময়ে এবং বাণিজ্যিক হিসাব অনুকূলে থাকলে ভবিষ্যতে আবারও এই মেগা প্রজেক্টটি আলোর মুখ দেখতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here