স্ত্রী ও প্রাক্তনকে নিয়ে এক ফ্রেমে রণবীর!

0
20

নব্বই দশকের রোমান্টিক মহাকাব্য ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর কথা মনে আছে? রাহুল, অঞ্জলি আর টিনার সেই বন্ধুত্ব, প্রেম আর বিরহের গল্প আজও অমলিন সিনেমা প্রেমীদের হৃদয়ে। তবে এবার সেই নস্টালজিয়াকে এক ধাক্কায় ২০২৪-এর আবহে ফিরিয়ে আনল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

যেখানে শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায়ের বদলে দেখা যাচ্ছে বর্তমান প্রজন্মের তারকাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক এআই-নির্মিত ভিডিও ও ছবিতে দেখা গেছে এক অদ্ভুত কাস্টিং। যেখানে শাহরুখের আইকনিক ‘রাহুল’ চরিত্রে ধরা দিয়েছেন রণবীর কাপুর।

তার পাশে ‘অঞ্জলি’ হয়েছেন স্ত্রী আলিয়া ভাট আর ‘টিনা’র সেই গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন। মূল ছবিতে আমান চরিত্রে সালমাান খান যে চমক দিয়েছিলেন, এআই সংস্করণে সেই জায়গায় দেখা যাচ্ছে রণবীর সিং-কে।

ইনস্টাগ্রামে দীপিকার এক ভক্ত পেজ থেকে শেয়ার করা এই এআই সংস্করণে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সেই বিখ্যাত ফ্রেন্ডশিপ ব্যান্ড টানাটানির দৃশ্য থেকে শুরু করে মূল পোস্টার- সবকিছুই নতুন তারকাদের মুখ বসিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, যদি সত্যিই এই কাস্টিং নিয়ে ‘সিজন টু’ বা রিমেক তৈরি হয়, তবে দর্শক তা কতটা গ্রহণ করবেন?

পরিচালক করণ জোহরও গত বছর সানিয়া মির্জার একটি পডকাস্টে এই ছবির আধুনিক কাস্টিং নিয়ে মুখ খুলেছিলেন। তবে করণের পছন্দ ছিল কিছুটা ভিন্ন। তিনি রাহুল হিসেবে রণবীর সিংকে দেখতে চাইলেও অঞ্জলি হিসেবে আলিয়া ভাট এবং টিনা হিসেবে অনন্যা পাণ্ডেকে বেছে নেওয়ার কথা বলেছিলেন। এমনকি টিনা চরিত্রের জন্য জাহ্নবী কাপুর বা সারা আলি খানের নামও তার ভাবনায় ছিল।

উল্লেখ্য, বর্তমান সময়ের বাস্তবতায় রণবীর সিং ও আলিয়া ভাটকে জুটি হিসেবে ব্যবহার করে করণ তার শেষ ব্লকবাস্টার ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’ নির্মাণ করেছিলেন। তবে এআই-এর এই কাল্পনিক কাস্টিং যেন ভক্তদের মনে এক নতুন আলোচনার জন্ম দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here