বলিউডের গসিপ, তারকাদের গোপন প্রেম আর সেই বিতর্কিত র্যাপিড ফায়ার রাউন্ডের নেশায় যারা বুঁদ হয়ে থাকেন, তাদের জন্য চলে এলো এ বছরের সবচেয়ে বড় ধামাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বি-টাউনের অন্দরমহলের খবর নিয়ে ফের ফিরছে ‘কফি উইথ করণ’। সম্প্রতি নির্মাতা করণ জোহর নিজেই নিশ্চিত করেছেন যে, জনপ্রিয় এই টক শো-এর নবম সিজন নিয়ে তিনি ফিরছেন আগামী দিওয়ালিতেই।
‘মিড ডে’ সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সিজন ৯-এর ফেরার ঘোষণা দেন করণ। এক দর্শক শো-টির ফেরার সময় জানতে চাইলে মুচকি হেসে করণ উত্তর দেন, ‘দিওয়ালি। সিজন ৯।” এর আগে ২০২৪ সালে শো-টির অষ্টম সিজন শেষ হয়েছিল।
‘কফি উইথ করণ’ মানেই যেন বিতর্কের হাতছানি। গত সিজনে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নিজেদের সম্পর্ক নিয়ে করা কিছু মন্তব্য অন্তর্জালে ব্যাপক ট্রলের শিকার হয়েছিল। এ ছাড়া শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে সানি ও ববি দেওলের মতো তারকাদের উপস্থিতিতে সিজন ৮ ছিল জমজমাট।
তবে এই শো-র ইতিহাসের পাতা উল্টালে উঠে আসে আরও বিস্ফোরক সব অধ্যায়। সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য কিংবা ঐশ্বরিয়া রাইকে নিয়ে ইমরান হাশমির সেই বিতর্কিত মন্তব্য আজও দর্শকদের মনে গেথে রয়েছে।
এমনকি ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও তার ডেটিং লাইফ নিয়ে মন্তব্য করে ক্যারিয়ারে বড় ধাক্কা খেয়েছিলেন। তবে সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছিল কঙ্গনা রানাউতের সেই এপিসোড। যেখানে তিনি করণের মুখের ওপর তাকে ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ এবং ‘মুভি মাফিয়া’ বলে আক্রমণ করেছিলেন।
তবে ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই শো-র প্রতিটি সিজনই দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়েছে।




