ঢাকায় ত্রিদেশীয় ইন্ডি ফেস্ট’ কনসার্ট?

0
6

গেল এপ্রিলে, কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সংগীতশিল্পীদের নিয়ে আয়োজিত ত্রিদেশীয় কনসার্ট ‘ইন্ডি ফেস্ট’-এর। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জটিলতা তৈরি হওয়ায় সেই দিনক্ষণে তা আর হয়ে ওঠেনি। এবার আয়োজক পক্ষ থেকে নতুন খবর, কনসার্টটির জন্য নতুন দিন ঘোষণা করা হয়েছে।

রাজধানীর ১০০ ফিট মাদানি অ্যাভিনিউয়ের ‘কোর্টসাইড’ ভেন্যুতে কনসার্টটি আয়োজনের কথা রয়েছে। আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ইভেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত ভেন্যুতেই বসবে সংগীতের এই আসর। আগামী ৮ মে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

জানা গেছে, এবারের কনসার্টে অংশ নিতে ঢাকা আসছেন পাকিস্তানের আলোচিত গায়ক আব্দুল হান্নান ও ব্যান্ড দল ‘বায়ান’। ভারত থেকে থাকছে ‘তালপাতার সেপাই’ এবং বাংলাদেশ থেকে পারফর্ম করবে ব্যান্ড ‘লেভেল ফাইভ’। ৮ মে বিকেল ৩টায় কনসার্টের গেট দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং মূল আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।

আরও জানা গেছে, অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এর মাধ্যমে কনসার্টের টিকিট সংগ্রহ করা যাচ্ছে। তবে টিকিট বিক্রি বেশ আগে থেকে শুরু হলেও শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতায় তা স্থগিত হয়ে যায়।

এর আগে গত শীতের মৌসুমে পাকিস্তানের জাল, কাভিশ, আতিফ আসলাম, আলী আজমত এবং ভারতের অনুভ জৈনের কনসার্ট নিয়ে ব্যাপক তোড়জোড় চললেও নিরাপত্তাজনিত কারণে অধিকাংশ ইভেন্ট বাতিল হয়েছিল। বিশেষ করে আতিফ আসলাম ও আলী আজমত ঢাকায় এলেও শেষ পর্যন্ত টিকিট কাটা দর্শকদের সামনে গাইতে পারেননি। দীর্ঘ বিরতির পর এই ‘ইন্ডি ফেস্টিভ্যাল’-এর মাধ্যমে আবারও আন্তর্জাতিক শিল্পীদের বড় কোনো উন্মুক্ত কনসার্টে দেখার সুযোগ পাচ্ছেন ঢাকার শ্রোতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here