বাবার সবকিছুই মনে রাখার মতো : ববি দেওল

0
1

৯০ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিলম্যান খ্যাত তারকা অভিনেতা ধর্মেন্দ্র। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। পর্দার সেই ‘অ্যাকশন কিং’ বাবার চলে যাওয়ার পর এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি দেওল পরিবার। সম্প্রতি এক অনুষ্ঠানে ধর্মেন্দ্রকে নিয়ে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই আবেগপ্রবণ হয়ে পড়েন তার ছোট ছেলে ও অভিনেতা ববি দেওল।

সম্প্রতি অভিনেতা শেখর সুমনের একটি টক শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ববি দেওল। সেখানে আলাপচারিতার একপর্যায়ে সঞ্চালক শেখর সুমন তাকে জিজ্ঞেস করেন, বাবার কোন বিশেষ স্মৃতিটি তিনি চিরকাল নিজের মনে আটকে রাখবেন? এই একটি প্রশ্নেই যেন বাঁধ ভাঙল ববির ভেতরের জমে থাকা সব আবেগের। বাবার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

অশ্রুসিক্ত চোখে ববি দেওল বলেন, ‘বাবার কোনো একটা নির্দিষ্ট স্মৃতি আলাদা করে বলা আমার পক্ষে অসম্ভব। তার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্মৃতিই মনে রাখার মতো। আমাদের প্রতি তার প্রতিটি আচরণই ছিল ভালোবাসায় মোড়ানো। এমনকি বাবা যখন আমাদের ওপর রাগ করতেন, সেই রাগের মধ্যেও এক অদ্ভুত ভালোবাসা লুকিয়ে থাকত।’

ধর্মেন্দ্রর সাদামাটা জীবনযাপনের কথা উল্লেখ করে ববি আরও বলেন, ‘বাবা এত বড় তারকা হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ একজন মানুষ ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই নিয়মিত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন, কথা বলতেন। এমনকি নিজের প্রিয় ফার্মহাউসটি ঘুরে ঘুরে দেখাতেন ভক্তদের।’

উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে ধর্মেন্দ্রর প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বলিউড। তার শেষযাত্রায় প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন, অনিল কাপুর, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো ইন্ডাস্ট্রির অভিভাবকরা।

পাশাপাশি রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং অগস্ত্য নন্দের মতো বর্তমান প্রজন্মের একঝাঁক তারকাও কিংবদন্তি এই অভিনেতাকে বিদায় জানাতে হাজির হয়েছিলেন। বাবার রেখে যাওয়া সেই ভালোবাসার স্মৃতিগুলোই এখন ববি দেওলের পথ চলার সম্বল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here