মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই

0
6

রাজধানীর মোহাম্মদপুর থানার নুরজাহান রোড এলাকায় ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার সামনে চাপাতি ধরে ছিনতাইয়ের ঘটনায় আনোয়ার হোসেন নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাপাতি, একটি পিকআপ এবং ছিনতাইকৃত কিছু মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (২ জুন) রাতে ‍মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আজহার ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে দুই বোন ঢাকার মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের দুই বোনের কাছে থাকা মোবাইল, স্বর্ণ, টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় সিসি ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে আমরা কাজ শুরু করি। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন আনোয়ারকে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মালামালসহ তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুইটি চাপাতি, একটি পিকআপ জব্দ করা হয়েছে। এর আগে, ‍র‍্যাব-২ জুয়েল নামে আরও একজনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ৩১ মে রাজধানীর মোহাম্মদপুরে গ্রামের বাড়ি গাইবান্ধা থেকে ঈদুল আজহার ছুটি শেষে ঢাকার বাসার সামনেই ছিনতাইয়ের শিকার হন দুই বোন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় তাদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে ছিলেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়। চাপাতির ভয় দেখিয়ে তারা রিকশাচালককে ধাক্কা দেয় এবং পরে দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেন। ঘটনার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here