নতুন রূপে মৌ

0
1

দেশের শোবিজ অঙ্গনে এখনও জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিংয়ের পাশাপাশি একজন নৃত্যশিল্পী হিসেবেও সুখ্যাতি রয়েছে তার। বিশেষ দিবস বা আয়োজনে নাটকে অভিনয় করেছেন। এবার ভিন্ন ভূমিকায় নন্দিত এই তারকা। প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন তিনি।

মূলত, নতুন সংগীত আয়োজনে তৈরি করা হয়েছে তার বাবা সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া ‘সোনার কাঠি রুপোর কাঠি’। সে গানের ভিডিওতেই শোনা যাচ্ছে মৌয়ের কবিতাপাঠ। নতুন করে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। গতকাল মৌয়ের জন্মদিন এবং বাবা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে গানটি।

নয়ীম গহরের কথা ও আনোয়ার পারভেজের সুরে তৈরি এই কালজয়ী গানটিকে নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়েছে। গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন রাজন সাহা। আর মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন তুষার।

গতকাল সন্ধ্যায় মিউজিক ভিডিওটি বিশ্বরঙ-এর ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। পাশাপাশি বিশ্বরঙের ফেসবুক পেজেও দেখা যাচ্ছে ভিডিওটি।

উল্লেখ্য, সাদিয়া ইসলাম মৌ অভিনীত সর্বশেষ কাজ ‘সারার সংসার’ গত ঈদে ওটিটিতে মুক্তি পায়। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত এই বাংলা ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। থ্রিলার ঘরানার এই গল্পে প্রধান চরিত্র ‘সারা’ হিসেবে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মৌ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here