শাহরুখের প্রশংসা করছেন বিবেক

0
1

বলিউডের কিং শাহরুখ খান। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার অগণিত ভক্ত-অনুরাগী। সাফল্য, নাম আর যশ সবকিছুর চূড়ায় অবস্থান করেও যার পায়ের তলার মাটি সরে যায়নি। পর্দা কাঁপানো এই মেগাস্টারের বিনয়ী রূপ আর সাধারণ জীবনযাপন বারবার মুগ্ধ করে সহকর্মীদেরও। এবার কিং খানের ব্যক্তিত্ব ও বিনয়ে বিমোহিত হয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের উদারতা ও নম্র স্বভাবের একটি বিশেষ ঘটনার কথা তুলে ধরেন বিবেক। সেখানে তিনি জানান, এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও শাহরুখের মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই।

শাহরুখের প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতার কথা জানিয়ে বিবেক ওবেরয় বলেন, ‘আমি শাহরুখ খানের বড় ভক্ত। স্কুল-কলেজের সময় থেকেই তার ছবি দেখতে ভালোবাসি। ছবি হোক বা জীবন, নানা বিষয় নিয়ে তার ভাবনা আমাকে সবসময় মুগ্ধ করেছে। পরে তাকে বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং পথপ্রদর্শক হিসেবে চেনার সুযোগ হয়েছে।’

কিং খানের বিনয়ী স্বভাবের একটি বাস্তব উদাহরণ টেনে এই অভিনেতা আরও বলেন, ‘তিনি সবসময় আমাকে শুধু ভালোবাসাই দিয়েছেন। আমি অন্যদের থেকে অনুপ্রেরণা নিতে ভালোবাসি। শাহরুখের মতো মানুষ সত্যিই অসাধারণ। তিনি এত বড় মাপের তারকা, তবু ছোটদের সঙ্গে মাটিতে বসে সময় কাটিয়েছিলেন এক অনুষ্ঠানে। বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা আর পড়ুয়াদের সঙ্গে গল্প করলেন। সত্যিই মন জিতে নিয়েছেন তিনি।’

জানা গেছে, ওই অনুষ্ঠানে শাহরুখ তার ছোট ছেলে আব্রামের সঙ্গে সাধারণ শিশুদের মতো মাটিতে বসে পড়েছিলেন। সঙ্গে ছিলেন অন্যান্য খুদে শিক্ষার্থীরাও। একজন বিশ্বখ্যাত তারকা হয়েও এমন সাধারণের মতো মিশে যাওয়ার গুণই শাহরুখকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করেন বিবেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here