মৃণাল সেনের জীবনীতে চঞ্চল

0
2

নির্মাতা মৃণাল সেনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক পদাতিক-এ মুখ্য চরিত্রে ছিলেন দেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। বছর দুয়েক আগে সিনেমাটি নির্মাণ করেন ওপার বাংলার সৃজিত মুখার্জি। সিনেমাটি বেশ কিছুদিন চলে প্রেক্ষাগৃহে; পশ্চিমবঙ্গসহ ভারতজুড়ে দর্শকের সাড়াও পেয়েছে বেশ।

শুধু কি তাই? পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সিনেমাটি। সব মিলিয়ে এই সিনেমার ঝুলিতে রয়েছে দেশ-বিদেশের মোট ১৮টি পুরস্কার ও একঝাঁক আন্তর্জাতিক স্বীকৃতি! এবার সিনেমাটি নিয়ে আরও এক সুখবর হলো, এটি এখন দেখা যাচ্ছে ডিজিটাল পর্দায়। শুক্রবার (২৮ আগস্ট) ওটিটি প্ল্যাটফর্ম ‘জি-ফাইভ’-এ (Zee5) মুক্তি পেয়েছে ‘পদাতিক’।

শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে সিনেমাটির আন্তর্জাতিক অর্জনের খতিয়ান তুলে ধরে ওটিটিতে মুক্তির খবর জানান নির্মাতা সৃজিত মুখার্জি। জানান, নিউ ইয়র্ক, ঢাকা, প্যারিস ও মালয়েশিয়ার চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা, চিত্রনাট্য, প্রডাকশন ডিজাইন, কস্টিউম ও মেকআপ ক্যাটাগরিতে ৬টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ‘পদাতিক’।

এছাড়া সম্পাদনা, চিত্রনাট্য, প্রডাকশন ডিজাইন, অভিনয় ও মেকআপ মিলিয়ে ৫টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ৫টি ডব্লিউবিএফজেএ (WBFJA) অ্যাওয়ার্ড এবং পরিচালনা ও অভিনয়ে ২টি আনন্দলোক পুরস্কারসহ মোট ১৮টি পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।

পুরস্কারের পাশাপাশি গোয়া, কেরালা, মুম্বাই, টরন্টো, সিডনি, ঢাকা, লন্ডন, নিউ ইয়র্ক, শিকাগো, মালয়েশিয়া, প্যারিস ও মেলবোর্নসহ বিশ্বের বিখ্যাত ১২টি আন্তর্জাতিক ও দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। পাশাপাশি ‘অল-ইন্ডিয়া ক্রিটিকস চয়েস’-এ দুটি মনোনয়ন এবং ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’-র ২০২৪ সালের সেরা ২০টি ভারতীয় চলচ্চিত্রের তালিকায় ৫ নম্বর স্থান দখল করে নেয় ‘পদাতিক’।

২০২৪ সালে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পদাতিক’। সে সময় পশ্চিমবঙ্গের পাশাপাশি একই দিনে বাংলাদেশেও এটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে সে বছর দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

সিনেমাটিতে মৃণাল সেনের জীবনের নানা অধ্যায় ও চড়াই-উৎরাই তুলে ধরা হয়েছে। তরুণ ও প্রবীণ—দুই বয়সের মৃণাল সেনের চরিত্রেই অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি এতে তুলে ধরা হয়েছে নির্মাতার ব্যক্তিজীবনে তাঁর স্ত্রী গীতা সেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি বিশ্বজুড়ে আরও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here