গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে চার মাস পর এক যুবকের মৃতদেহ কবর থেকে উঠানো হয়েছে। আজ বুধবার (৪ জুলাই) গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন সরকারের উপস্থিতিতে এ মৃতদেহ উঠানো হয়। একটি হত্যা না কি আত্মহত্যা এ নিয়ে সংশয় থাকায় আদালতের আদেশে ওই মৃতদেহ উত্তোলন করা হয়।
জানাগেছে, কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামের মোঃ আবুল কালাম শেখের ছেলে মোঃ শফিকুল শেখ (২৮) এর লাশ ৪ মার্চ রবিবার বাড়ির (অদূরে) পাশে মেহগনি বাগানে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়।
এ ঘটনায় শফিকুরের চাচা মোঃ আব্দুল মান্নান শেখ বাদী হয়ে ২৬ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি ১৪ মার্চ পি,বি,আই গোপালগঞ্জে হস্তান্তর করে কাশিয়ানী থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পি,বি,আই পরিদর্শক শংকর চন্দ্র মাত্তুবর জানান, পোষ্টমর্টেম রির্পোটে বলা হয়েছে গলায় রশি দিয়ে শফিকুর শেখ আত্মহত্যা করেছে। তবে মামলার বাদী আব্দুল মান্নান শেখ লাশের পূনঃময়না তদন্ত চেয়ে আদালতে আবেদন করেন।
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মোঃ মামুনুর রশিদ গত ৩ জুন মৃতদেহ উত্তোলন করে পূনঃময়না তদন্ত করার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশে মামলার তদন্তকারি কর্মকর্তা শংকর চন্দ্র মাত্তুবর বুধবার গোপালগঞ্জের নির্বহী ম্যাজিষ্ট্রেট শোভন সরকারের উপস্থিতিতে মৃতদেহ উত্তোলন করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠায়।