বন বিভাগের রাজস্ব খাতে আত্মীকরণ ও নিয়োগ চেয়ে দায়েরকৃত আদালত অবমাননার মামলা খারিজ করে হাইকোর্টের যুগান্তকারী রায় ২০২৫ সালে হাইকোর্টের জারি করা আদালত অবমাননার রুলের উপর চূড়ান্ত শুনানি নিয়ে আজ বিচারপতি জে.বি.এম. হাসান ও আজিজ আহমদ ভূঞা এর দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিবাদীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোঃ কাওছার এবং মোঃ সুমন রাহাত।
বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আবেদনকারী মো: জাহাঙ্গীর আলম বন অধিদপ্তরের সুন্দরবন বায়োডাইভারসিটি কনজারভেশন প্রকল্পে ২০০১ সালে সহকারি বন সংরক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে প্রকল্প মেয়াদ শেষ হয়। পরবর্তীতে উক্ত প্রকল্পের ৯ জন কর্মচারী ২০১৩ সালে রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট ২০১৪ সালে রায়ে ৯ জন আবেদনকারীকে রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশ দেন। উক্ত রায় আপিল বিভাগে বহাল থাকায় কর্তৃপক্ষ উক্ত নয়জনকে রায় অনুযায়ী রাজস্ব খাতে নিয়োগ প্রদান করেছেন। কিন্তু মো: জাহাঙ্গীর আলম উক্ত রিট পিটিশনে পক্ষ না থেকেও ওই রায়ের আলোকে তাকে সহকারি বন সংরক্ষক পদে রাজস্ব খাতে আত্তীকরণের জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আবেদন করেন। কর্তৃপক্ষ বিদ্যমান আইন-কানুন বিবেচনায় মো: জাহাঙ্গীর আলমকে হাইকোর্টের দেয়া ২০১৪ সালের রায় মোতাবেক রাজস্ব খাতে নিয়োগে অপারগতা প্রকাশ করেন। ফলে ২০২৫ সালে তিনি বাদী হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক এবং বন সংরক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এএফএম মুস্তাফিজুর রহমান, ডিজি, বাংলাদেশ রেলওয়ে এবং অন্যান্য বনাম মনোহরন মজুমদার এবং অন্যান্য (৯ এম এল আর, আপিল বিভাগ, পৃষ্ঠা ২৫১) মামলার সিদ্ধান্তের আলোকে বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ আদালত রায় ঘোষণা করেন।
আদালত অবমাননার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জড়িত থাকায় মামলাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কোন মামলায় পক্ষ না থেকেও উক্ত মামলার আবেদনকারীদের সমগোত্রীয় কোন ব্যক্তি উক্ত রায়ের সুবিধা পাবেন কিনা তা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আদালত রায়ে বিবেচনা করেছেন। হাইকোর্ট আদালত অবমাননার রুল খারিজ করেছেন। একই সাথে বিবাদীদের আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। আদালত বলেছেন-৯ এম এল আর এ উদ্ধৃত আপিল বিভাগের সিদ্ধান্ত নির্বিবাদে সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হাইকোর্ট রায়ে স্পষ্ট করে অনেকগুলো পূর্ণ অবজারভেশন দিয়েছেন।
১. সর্বজনীন রায় (Judgement in rem) বা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে ঘোষিত রায় বা আদেশ প্রতিপালন চেয়ে সংশ্লিষ্ট মামলার পক্ষ না হয়েও সমগোত্রীয় (Equal Footing) কোন ব্যক্তি আদালত অবমাননার মামলা দায়ের করতে পারবেন। কিন্তু আদালতের কোন রায় বা আদেশ কেবল উক্ত মামলার বাদীদের ক্ষেত্রে ঘোষিত হলে (Judgment in personam) উক্ত মামলার পক্ষ ছাড়া অন্য কোন ব্যক্তি সমগোত্রীয় (Equal Footing) হলেও উক্ত রায়ের প্রতিপালনের ব্যর্থতার জন্য আদালত অবমাননার মামলা দায়ের করতে পারে না।
২. কোন মামলায় বাদীদের পক্ষে ঘোষিত রায় বাস্তবায়নের জন্য সমগোত্রীয় কোন সুবিধাবাদী পক্ষ (Fence-sitter) বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে পারবেন না। মামলা দায়েরে বিলম্ব এবং অস্বচ্ছতা আবেদনকারী কে আদালতের ন্যায় সঙ্গত প্রতিকার থেকে বঞ্চিত করে।
৩. যদি আদালত অবমাননার বিষয়বস্তু যথাযথ বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তির প্রয়োজন হয় তবে আদালত অবমাননার মামলায় প্রতিকার পাওয়া যায় না ।
৪. আদালত অবমাননার মামলায় সুনির্দিষ্টভাবে আদালত অবমাননার বিষয় ব্যতীত কোন ধরণের মৌলিক প্রতিকার (Substantive R elief) দেয়া যাবে না।
৫. আদালত অবমাননায় কাউকে দোষী সাব্যস্ত করতে হলে বিবাদী পক্ষ সুনির্দিষ্টভাবে আদালতের রায় বা আদেশ ভঙ্গ করেছেন মর্মে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে।
৬. আদালত অবমাননার মামলায় মাধ্যমে বাদীকে কোন মৌলিক প্রতিকার প্রদান করা যায় না। কেবল সুনির্দিষ্ট আদেশ বা রায় লঙ্ঘন করলে আদালত বিবাদীকে শাস্তি দিতে পারেন।
৭. আদালত অবমাননার মামলায় মৌলিক প্রতিকার প্রদান করলে বিচারিক প্রক্রিয়ায় অবাধ সুযোগ (Floodgate) সৃষ্টি হবে যা কাম্য নয়।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে রায় ঘোষণা করেন। আজকের রায় টি আদালত অবমাননার মামলার বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
আদালত অবমাননার যুগান্তকারী রায়!

