শীর্ষ পর্যায়ের ফুটবলে কোচিংয়ের চাপ কতটা কঠিন, তা নিয়ে খোলোমেলা কথা বললেন জাভি হার্নান্দেজ। বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানির সাম্প্রতিক অসুস্থতার খবরের পর তাকে দ্রুত সুস্থতা কামনা করেছেন নেদারল্যান্ডসের কোচ। সেই সঙ্গে স্বীকার করেছেন, কোচিংয়ের তীব্র চাপের কারণে কখনো কখনো ঘুমানোও কঠিন হয়ে পড়ে।
দুই সপ্তাহ আগে বায়ার্নের অনুশীলন মাঠে অসুস্থ হয়ে পড়েন কোম্পানি। পরে হাসপাতালে নেওয়া হলে তার মেনিনজাইটিস ধরা পড়ে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও পুরোপুরি দায়িত্বে ফেরেননি বেলজিয়ান এই কোচ। তার অনুপস্থিতিতে বায়ার্নের প্রথম দলের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস।
সোমবার সংবাদ সম্মেলনে কোম্পানির দ্রুত সুস্থতা কামনা করে জাভি বলেন, ‘আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। তবে ভিনসেন্ট কোম্পানির দ্রুত সুস্থতা কামনা করছি। কখনো কখনো আমরা অনেক চাপ ও মানসিক চাপে থাকি, বিশেষ করে যখন সবকিছু আমাদের প্রত্যাশামতো হয় না।’
সাবেক বার্সেলোনা কোচ আরও বলেন, ‘কখনো কখনো ঘুমানোই কঠিন হয়ে পড়ে। এটি আমাদের কাজ ও প্রক্রিয়ারই অংশ। আশা করি সে ভালোভাবে সুস্থ হয়ে উঠবে। বায়ার্নে সে খুব ভালো কাজ করছে।’
কোচ হিসেবে জাভি ও কোম্পানির পথচলায়ও রয়েছে মিল। দুজনই পেপ গার্দিওলার অধীনে খেলেছেন। জাভি ছিলেন গার্দিওলার ঐতিহাসিক বার্সেলোনা দলের গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে কোম্পানি ছিলেন গার্দিওলার ম্যানচেস্টার সিটির অধিনায়ক।
খেলাধুলা · ১০ নভেম্বর ২০২৬ · অপরাহ্ণ ১২:৫২ · প্রতিবেদক: Administrator
কখনো কখনো ঘুমানোই কঠিন : জাভি
