এবার নিজের উইকেট পড়তে যাচ্ছে ভারতীয় তারকা পেসার অর্শদীপ সিংয়ের। বাইশ গজে বিধ্বংসী ইয়র্কারে ব্যাটারদের ঘুম হারাম করা অর্শদীপ এবার রোমান্টিক ইনিংস শুরু করতে যাচ্ছেন। গ্ল্যামার জগতের পরিচিত মুখ অভিনেত্রী ও মডেল সামরিন কৌরের সঙ্গে জীবনের নতুন জুটি বাঁধতে চলেছেন তিনি। গত বুধবার (১১ নভেম্বর) নিউজিল্যান্ডের মনোরম পরিবেশে স্বপ্নের মতো এক মুহূর্তে বাগদান সারলেন এই তারকা যুগল।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের ছবি প্রকাশ্যে আসতেই ক্রিকেট ও বিনোদন—দুই ভুবন থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এক হাঁটু গেড়ে বসে হাতে হীরার আংটি নিয়ে সামরিনকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন অর্শদীপ। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, জীবনে অনেক প্রাপ্তির মাঝে একে অপরকে খুঁজে পাওয়াই সবচেয়ে বড় আনন্দ।

এবার নিজের ‘উইকেট’ পতন! অভিনেত্রীর সঙ্গে বাগদান অর্শদীপ সিংয়ের
এবার নিজের ‘উইকেট’ পতন! অভিনেত্রীর সঙ্গে বাগদান অর্শদীপ সিংয়ের
২৬ হাজার কোটি নাকি ভালোবাসা, কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ!

বর্তমানে ভারতীয় দলের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন এই বাঁহাতি পেসার। খেলার ব্যস্ত সূচির ফাঁকেই সেখানে সারপ্রাইজ প্রোপোজালের আয়োজন করেন অর্শদীপ।

অর্শদীপ ও সামরিনের প্রেমের গুঞ্জন অবশ্য বেশ পুরোনো। আইপিএলে পাঞ্জাব কিংসের ম্যাচে গ্যালারিতে বসে অর্শদীপের জন্য গলা ফাটাতে দেখা গিয়েছিল সামরিনকে। এরপর ধর্মশালায় দুজনের একসঙ্গে ঘোরার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে জল্পনা আরও জোরালো হয়।

অর্শদীপের হবু জীবনসঙ্গী সামরিন কৌর জম্মু ও কাশ্মীরের মেয়ে। ২০১৮ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এ ছাড়া জনপ্রিয় ওয়েব সিরিজ ‘নেলপলিশ’ এবং পাঞ্জাবি সিনেমা ‘সরদার জি ২’-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সামরিন। জুবিন নটিয়াল, বাদশা ও গুরু রনধাওয়ার মতো প্রথম সারির শিল্পীদের মিউজিক ভিডিওতেও নজর কেড়েছেন তিনি।

ক্রিকেট আর বলিউড-পাঞ্জাবি গ্ল্যামারের এই মেলবন্ধন নিয়ে এখন মেতে উঠেছে নেটদুনিয়া। ভক্তদের অপেক্ষা এবার দুজনের রাজকীয় বিয়ের সানাই বাজার।

সূত্র: আজকাল।