দেশইনফো প্রতিবেদক: আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথেষ্ট হয়েছে, আর না। এখন ঘরে ফিরে যেতে হবে। লেখাপড়ায় মনোযোগ দিতে হবে।
সকালে গণভবনে ৩০০ ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান।
তিনি বলেন, আধুনকি প্রযুক্তি শিক্ষা গ্রহণের কাজে ব্যবহার করতে হবে। এটা যেন অপব্যবহার করা না হয়। ফেসবুকে অপপ্রচার বন্ধ করতে হবে। নোংরা কথাবার্তা ব্যবহার করা যাবে না।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার ছেলেমেয়েদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যান। তাদেরকে লেখাপড়ায় মনোযোগী করান। তাদেরকে স্কুল-কলেজে পাঠান। লেখাপড়ার পরিবেশ তৈরি করুন। তাদের দাবি-দাওয়া পূরণ করা হচ্ছে।
কেউ কেউ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রদের মাঝে এখন তৃতীয়পক্ষ ঢুকে পড়েছে। তাই নিরাপত্তার জন্য ছাত্রদেরকে রাস্তা থেকে ঘরে ফেরার আহ্বান জানান শেখ হাসিনা। তবে ছাত্ররা চাইলে ট্রাফিকের সাথে পারমিশন নিয়ে ভলেন্টিয়ার সার্ভিস করতে পারবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।