বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে স্থাপিত বিশেষ আদালতে। এ সময় আদালতে বিচারককে উদ্দেশ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো না। আপনাদের যা মনে চায়, যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিন। ন্যায়বিচার বলে কিছু নাই। আমার প্রতি অবিচার করা হচ্ছে।’
বুধবার রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক আখতারুজ্জামানকে উদ্দেশ্য করে বেগম জিয়া এসব কথা বলেছেন। এরপর আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর।
বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে খালেদা জিয়াকে কারাগারের নিজ কক্ষ থেকে হুইল চেয়ারে করে আদালতের এজলাসে নেওয়া হয়। পরে আদালতের কার্যক্রম শুরু হলে বিচারককে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো না। আমার পা ফুলে গেছে। ডাক্তার বলেছে, পা ঝুলিয়ে রাখা যাবে না। এখান আমি আদালতে বারবার আসতে পারবো না। আপনাদের যা মনে চায়, যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিন। ন্যায়বিচার বলে কিছু নাই। আমার প্রতি অবিচার করা হচ্ছে।’
এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা কারাগারের মধ্যে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হননি। বিএনপির পক্ষে থেকে দাবী করা হচ্ছে এরকম পরিত্যক্ত কারাগারকে বিশেষ আদাল বানিয়ে বিচার করা সংবিধান পরিপন্থী।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আদালত থেকে কোনও নোটিশ পায়নি যে ওখানে আদালত বসবে কিনা।




