
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে রবিবার সকাল থেকে সকল ফেরি চালু হবে বলে জানা গেছে। তবে, প্রায় ৪৮ ঘন্টা পর শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে উভয় ঘাট থেকে পরীক্ষামূলকভাবে ২ টি করে ৪ টি ফেরি ছাড়া হয়। শিমুলিয়ার বিআইডাব্লিউটিসি’র উপমহাব্যবস্হাপক সৈয়দ শাহ বরকত উল্লাহ এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, “নাব্য সংকট দূর করার জন্য চ্যানেলে ড্রেজিং এর কাজ চলছিল। এ কারনে গত ৪৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে বিআইডাব্লিউটিএ। পদ্মা সেতু প্রকল্পের কাজে ব্যবহৃত ঠিকাদার প্রতিষ্ঠান সিনেহাইড্রোর বৃহৎ আকৃতির ড্রেজার দিয়ে সফলভাবে ড্রেজিং কাজ সম্পন্ন করা হয়েছে। শনিবার দুইটি করে চারটি ফেরি পরীক্ষামূলকভাবে চলেছে। তবে, চ্যানেলের মুখে ড্রেজার থাকায় রাতের বেলায় ফেরি চালানো ঝুঁকিপূর্ণ। তাই, ফেরি চালানো আপাতত বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে সব ধরনের ফেরি চলতে পারবে বলে আমরা আশাবাদী।”
এদিকে, শিমুলিয়া ঘাট এলাকায় কমপক্ষে দুইশ’ পণ্যবাহী ট্রাক রয়েছে। সৈয়দ শাহ বরকত উল্লাহ জানান, “ফেরি চলাচল বন্ধ ঘোষনা করার কারনে আমরা ঘাটে অপেক্ষমাণ যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু, তারা ঘাটেই অবস্হান করে। এখন কমপক্ষে দুইশ যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।




