যানজট নিরসনে রাজধানীর বড় তিন সড়কে রিকশাসহ অন্যান্য অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালকরা। মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন তারা।
আজ সোমবার সকাল থেকেই রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন রিকশা চালক ও শ্রমিকরা।
রিকশাচালকদের আন্দোলনের বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা।
সোমবার সকাল ৭টা থেকে তারা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এ সময় রিকশাচালকরা রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।
এদিকে এ তিন সড়কে রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞায় বিপাকে পড়া প্রতিবন্ধী মানুষেরা নানা ভাবে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর, সায়েন্সল্যাব থেকে শাহবাগ এবং কুড়িল থেকে রামপুরা-খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত বন্ধ হচ্ছে রিকশা চলাচল। আগামীকাল (৭ জুলাই) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হতে চলেছে।









