২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষায় ১০ বিভাগে পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। আজ বুধবার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী ও সব বোর্ডের চেয়ারম্যানেরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এইচএসসিতে গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।
দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবে। তবে নিজ নিজ কেন্দ্র, প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে বেলা ১টায়।
পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন।
গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ১৩ লাখ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।









