ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে শনিবার রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ৮নং সড়কের ৪০৪ নং ওই বাসা ঘেরাও করে র্যাব-১। জানা গেছে, ক্যাসিনো বিরোধী অভিযানের পর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক বন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন রাজীব।
র্যাব জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র্যাব। অভিযান অব্যাহত রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
রাতেই সেখান থেকে তাকে নিয়ে তার মোহাম্মদপুরের বাসায় যায় র্যাব। রাজীবের মোহাম্মদপুরের বাসা ও কার্যালয়সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে ৫ কোটি টাকার একটি চেকও উদ্ধার করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলাও করা হয়েছে বলে জানা গেছে।
এ সময় আলামত ধ্বংস ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে অসহযোগিতার দায়ে রাজীবের পিও সাদেককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। রবিবার (২০ অক্টোবর) ভোর রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানের পর গা ঢাকা দেন রাজীব। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নামে বেনামে রাজধানীতে তার বেশ কয়েকটি ফ্লাট ও গাড়ি রয়েছে। জমি দখল ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে রাজীবের বিরুদ্ধে।









