মাশরাফি বিন মুর্তজা এখনও অবসরে যাননি জাতীয় দল থেকে। তিনি এখনও নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে দলকে। অথচ গতকাল তারই অনুপস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গণে সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। সোমবার বিকালে হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে সবার পক্ষে এ ঘোষণা দেন সাকিব আল হাসান। এ সময় তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
ক্রিকেটারদের এ আন্দোলনে জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার অনুপস্থিতি নিয়েও প্রশ্ন ছিল অনেকের। অবশেষে সেসব প্রশ্নের জবাব দিয়েছেন মাশরাফি নিজেই। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এক পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের ১১ দফা দাবির পক্ষেই আছেন তিনি। মাশরাফি আরও জানিয়েছেন, আগে থেকে জানলে তিনি নিজেও উপস্থিত থাকতেন ওই সংবাদ সম্মেলনে।
পাঠকদের জন্য মাশরাফির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
‘অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছুদিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল; কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি।
ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনও আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম।
মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে যে, কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি।
তবে আমার উপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবিই ন্যায্য। ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরী। আমি মাশরাফী বিন মোর্ত্তজা, ১১ দফা দাবি শান্তিপুর্ন ভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকব।’
প্রসঙ্গত, সোমবার ১১ দফা উত্থাপন করার পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। অথচ ভারত সফরকে সামনে রেখে ২৫ অক্টোবর জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা।









