যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে সিদ্ধান্তই নিক, আমরা আমাদের ক্রিকেটারের পাশেই থাকবো। আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার যে খবর বেরিয়েছে তার প্রতিক্রিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেছেন।
‘আইসিসি কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা তো নির্ভরযোগ্য রিপোর্ট নয়। যদি কোনো কঠোর সিদ্ধান্ত আসে বা না আসে যেটাই হোক, আমরা অবশ্যই আমাদের খেলোয়াড় সাকিবের পাশে থাকবো। তাকে কীভাবে রক্ষা করা যায় সে চেষ্টা করবো। তবে যেহেতু এটা আইসিসির বিষয়, আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। খবরে আসার পর বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং কি করে সুষ্ঠুভাবে সমাধান করা যায়, সে বিষয়টিও দেখছি’-বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড আমাকে জানিয়েছে তারাও কিছু জানতেন না। তারা সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন। সাকিব হয়তো হালকাভাবে নিয়েছেন, কেউ এটা সেভাবে গুরুত্ব দেননি। এটা যে এতদূর গড়িয়েছে, কেউ সেভাবে বুঝতে পারেনি।
ক্যাসিনো কাণ্ডের পর বিসিবির পরিচালক লোকমান হোসেনকে এখনও বোর্ড থেকে অপসারণ করা হয়নি। এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল প্রতিমন্ত্রীর কাছে। তিনি মনে করেন, ‘আপনারা জানেন ক্রিকেট বোর্ড নিজেদের গঠনতন্ত্র অনুসারে চলে। আইসিসির নিয়ম অনুসারে চলে। তো আমার মনে হয় তাকে সরিয়ে দেওয়া উচিত। যদি পরবর্তীতে আইনগতভাবে সে নির্দোষ প্রমাণিত হয়, তখন দেখা যাবে।’









