অবশেষে দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের ৩০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এরপর ঘূর্ণিঝড় বুলবুলের জন্য আর কোনও বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হবে না বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ঝড়ের শক্তি কমে আসায় দেশের চার সমুদ্র বন্দরকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বেলা ১২টার দিকে আরও দুর্বল হয়ে যাবে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রাম সমুদ্রকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলাসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।









