স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘নূর হোসেনকে নিয়ে অসতর্কভাবে আমার দেওয়া বক্তব্যে যে আঘাত পেয়েছেন, তার জন্য আমি তার মায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একইসঙ্গে যে বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেসব বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।’
মঙ্গলবার (১২ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে মসিউর রহমান রাঙ্গা এসব কথা বলেন।
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব আরো উল্লেখ করেন, প্রতি বছর নূর হোসেনের মৃত্যুবার্ষিকীর দিনে কয়েকটি সংগঠনের আলোচনা, বক্তব্য ও বিবৃতিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে হেয় প্রতিপন্ন করা হয়। এমনকি তাকে অশ্রাব্য ভাষায় গালাগালিও করা হয়। এর ফলে জাতীয় পার্টির কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সেই প্রেক্ষিতে কর্মীদের উত্তেজনার মধ্যে বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃতভাবে আমার মুখ থেকে নূর হোসেন সম্পর্কে কিছু অযাচিত কথা বেরিয়ে গেছে।
নূর হোসেনের পরিবারের প্রতি এরশাদও সমব্যথী ছিলেন বলে উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব।
উল্লেখ্য, গত রোববার (১০ নভেম্বর) জাতীয় পার্টির মহানগর উত্তর শাখার উদ্যোগে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদ নূর হোসেন মাদকাসক্ত ছিলেন বলে মন্তব্য করেছিলেন মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা)।









