আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সড়ক আইনে কোনো অসংগতি থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সড়ক আইনের অসন্তুষ্টি প্রকাশ করে পরিবহন খাতে ধর্মঘট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সড়কে আইন প্রয়োগে কোনো বাড়াবাড়ি হবে না। আইনে অসংগতি থাকলে পরীক্ষ-নিরীক্ষা করে দেখা হবে এবং আলাপ -আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সড়ক আইনের মূল কাজ হচ্ছ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
এদিকে খুলনা থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালেও নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ নূরুল ইসলাম বেবি বলেন, সাধারণ বাস চালকরা নতুন সড়ক পরিবহন আইনের ভয়ে বাস নিয়ে রাস্তায় নামতে রাজি নয়। সে কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।
বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে ট্রেনগুলোতে। কিন্তু ট্রেনের টিকিট না পেয়েও কেউ কেউ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।









