বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ফজলে হাসান আবেদ। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও জাতীয় পার্টির জিএম কাদেরসহ আরো অনেকেই শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এক শোকবার্তায় তিনি বলেন, ১৯৭১ সালে ফজলে হাসান আবেদ ইংল্যান্ড হতে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়, তহবিল সংগ্রহ ও জনমত গঠন করেন। সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও তিনি কাজ করেন।
তিনি আরও বলেন, তার মতো মানবতাবাদী মানুষের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় সেখানেই জানাজা হবে। জানাজা শেষে এই গুনী মানুষকে ঢাকার বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানিয়েছে তার পরিবার।









