জাপার নেতৃত্বে রওশন, কাদের ও রাঙ্গা

0
228

জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জি এম কাদের। আর মহাসচিব হয়েছেন মসিউর রহমান রাঙ্গা। এছাড়া রওশন এরশাদকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। তারা আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে আয়োজিত জাতীয় পার্টির কাউন্সিলে তারা এসব পদে নির্বাচিত হন।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেট এতে অনুমোদন দেন।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় পার্টির কাউন্সিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে আয়োজিত এ কাউন্সিলে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল শুরু থেকেই। তবে কাউন্সিলে আসেননি রওশন এরশাদ। কাউন্সিলে শেষ পর্যায়ে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সর্বশেষ ২০১৬ সালের মার্চে পার্টির অষ্টম কাউন্সিলে হুসেইন মুহম্মদ এরশাদ কো-চেয়ারম্যানের পদ তৈরি করে তাতে ভাই জিএম কাদেরকে আসীন করেন। স্ত্রী রওশন এরশাদ তাতে ক্ষিপ্ত হলে পরে তার জন্য এরশাদ তৈরি করেন সিনিয়র কো-চেয়ারম্যানের পদ। এরশাদ চলতি বছরের ৫ মে তার জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন।

১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ। এর চার দিনের মাথায় বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করেন।

এ সময় রওশনপন্থীরা পাল্টা সংবাদ সম্মেলন করে রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করে জিএম কাদেরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার কথা বলে। পরে দু’পক্ষের সমঝোতা হলে ৮ সেপ্টেম্বর আরেক সংবাদ সম্মেলনে রাঙ্গা জানান, জিএম কাদের পার্টির চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করবেন। আর রওশন এরশাদ হবেন সংসদে বিরোধীদলীয় নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here