ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি।
শনিবার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মেয়রপদে তাপস ও আতিকুলকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বলে একাধিক সূত্র জানিয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার।
দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন মনোনয়ন পাওয়ার আশার কথা জানালেও তাপসকেই চূড়ান্ত করল আওয়ামী লীগ। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই মেয়র।
দুই সিটিতে মোট ২০ জন প্রার্থী মেয়র পদে নৌকার মনোনয়নপত্র কেনেন। আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্সিলর পদে মনোনয়ন কেনেন হাজার প্রার্থীরও বেশি।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হয়েছেন তাবিথ আউয়াল। আর দক্ষিণের মেয়র প্রার্থী হয়েছেন সদ্যপ্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ আরো অনেক।









