আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার ব্যক্তিগত সহকারি বিপ্লব বলেন, বুকের ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এনজিওগ্রামে ব্লক ধরা পড়ে। এরপর তার বুকে একটি (Coronary stent) রিং পরানো হয়।
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজিস্ট ও সিসিইউ ইনচার্জ মাহবুবর রহমান বলেন, জাহাঙ্গীর কবির নানকের হার্টে একটি ব্লক ধরা পড়েছে। ইতোমধ্যে একটি Coronary stent (হার্টের রিং) পরানো হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে নৌকা প্রতীকে জেতেন জাহাঙ্গীর কবির নানক। ঠাঁই হয় মন্ত্রিসভায়, দায়িত্ব পান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর।
গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নানককে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়।









