তুরাগ অভিমুখে মুসল্লিদের ঢল

0
267

রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা উপলক্ষে মাঠের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

তবে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর রাত থেকেই শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইজতেমায় যোগ দিতে আসছেন দেশ-বিদেশের মুসল্লিরা। ট্রাক, পিকআপ, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে চড়ে লাখো মুসল্লির ঢল এখন তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে।

এদিকে সকাল থেকে গাজীপুরে কয়েক দফা বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন ইজতেমায় আগত মুসল্লিরা। ইজতেমায় যোগ দিতে গতকাল বুধবার থেকেই দলে দলে ইজতেমা ময়দানে আসছেন তারা। মুসল্লিদের এ ঢল বৃহস্পতিবার সকালেও দেখা গেছে। শুক্রবার সকাল পর্যন্ত মুসল্লিদের এই ভিড় অব্যাহত থাকবে। বিভিন্ন জেলা থেকে বাসে করে এসব মুসল্লি টঙ্গী স্টেশন রোড, চেরাগআলী, উত্তরার কামারপাড়া এলাকায় নেমে হেঁটে ময়দানে এসে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিচ্ছেন।

এদিকে এবার পুরো ইজতেমা ময়দান এলইডি লাইট দিয়ে সজ্জিত করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। শেষ মুহূর্তে মুসল্লিদের যাতায়তের পথগুলো মেরামত, ময়দান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। মুসল্লিদের সুবিধার সার্বিক দিক ইজতেমা ময়দানে উপস্থিত থেকে দেখভাল করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।

অপরদিকে ইজতেমা ময়দানের পাশে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পগুলো বৃহস্পতিবার উদ্বোধন করা হচ্ছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। পুরো ইজতেমা ময়দানের চারপাশে সিসি ক্যামেরাগুলো সচল করা হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খখলা বাহিনীর সদস্যরা।

র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার-বিন-কাশেম জানান, ‘প্রতি বছরের মতো বাড়তি পুলিশ, র‌্যাব, বিজিবি ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন মাঠের ভেতর ও বাইরে বিভক্ত হয়ে কাজ করবে। র‌্যাবের দুটি হেলিকপ্টার ইজতেমা মাঠের আকাশে টহল দেবে। র‌্যাবের পক্ষ থেকে ১০টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। নজরদারির জন্য মাঠের চারদিকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল জানান, ‘ইজতেমা আয়োজক কমিটির মুরব্বিদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছি। টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসা দেশি-বিদেশি মেহমানদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সব দফতরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here