চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাঁকোপাড়া এলাকায় ধানের ট্রলি ওল্টানোর ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এ ঘটনায় আর ৩ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
১৯ নভেম্বর, বৃহস্পতিবার (আজ) সকাল ৭টার দিকে সোনা মসজিদ বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান, আজিমুল হকের ছেলে আহাদ আলী ও ট্রলি চালক সোনাপুর গ্রামের মাসুদ রানা।
শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলিতে করে তা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙাব্রিজে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ৭ জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এইচএম আবদুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হতাহতরা সবাই সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের ধানকাটা শ্রমিক বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার এসআই আজিম।
তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদের সিদ্দীকের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের তালিকা সংগ্রহ করে।









