দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মুনীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে দৈনিক ‘সংবাদ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, খন্দকার মুনীরুজ্জামান সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। টেস্টে পজিটিভ হওয়ার পর তিনি শান্তিনগরের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৩১ অক্টোবর) শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।









