করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। ৩৪ জনের মধ্যে হাসপাতালে ৩২ ও বাড়িতে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ২০ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৯ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৩২৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন। আরও ৩৪ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ২০ জন হয়েছে।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ১৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।









