যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের টুইট একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তিনি টুইট করে আরো সহিংসতা ছড়িয়ে দিতে পারেন এমন আশঙ্কার কথা জানিয়ে এ কাজ করেছে তারা।
টুইটার কর্তৃপক্ষ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের একাউন্টের সাম্প্রতিক টুইটগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেশ কয়েক বছর ধরে কিছু আইন প্রণেতা এবং সেলিব্রেটি ট্রাম্পের টুইট একাউন্ট বন্ধ করার আহ্বান জানিয়ে আসছেন।
বৃহস্পতিবার টুইট করেছেন সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা। তিনি এতে বলেছেন, সিলিকন ভ্যালির এই জায়ান্টদের উচিত ট্রাম্পের ভয়ানক আচরণ বন্ধ করা এবং তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ট্রাম্পের ‘দেশপ্রেমিকরা’ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে হামলা চালানোর পর বুধবার ১২ ঘন্টার জন্য ট্রাম্পের একাউট স্থগিত করে রাখে টুইটার। ওইদিন তার কয়েক শত সমর্থক ক্যাপিটল হিলে আক্রমণ করে তা দখলে নেয়ার চেষ্টা করে।
টুইটার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট @realDonaldTrump থেকে দেয়া সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যালোচনা করে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
ক্যাপিটল ভবনে বুধবার মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেক্টোরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয়।
তখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা, ভাঙচুর ও লুটতরাজ চালায়। এ ঘটনার সমর্থনে ওই দাঙ্গাবাজদের ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করে টুইটার ও ফেসবুকে পোস্ট দেন ট্রাম্প।
এর আগে, একই অভিযোগে ট্রাম্পের ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।









