মেসি-গ্রিজম্যানের জোড়া গোলে বার্সার বড় জয়

0
198

স্প্যানিশ লা লিগায় নিজেদের ১৮তম ম্যাচে গ্রানাডার বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই বড় জয়ে জোড়া গোল করেছেন দলটির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড আতোয়াঁ গ্রিজম্যান।

৯ জানুয়ারি, শনিবার গ্রানাডার মাঠে ম্যাচের ১২তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন গ্রিজম্যান। ৩৫তম মিনিটে তারই পাস থেকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

৪২তম মিনিটে দারুণ এক ফ্রি কিক থেকে আবারো ব্যবধান বাড়িয়ে দেন মেসি। ম্যাচের ৬৩তম মিনিটে উসমানে ডেম্বেলের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন গ্রিজম্যান।

এর দুই মিনিট পরই নিজেদের সেরা তারকা মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ রোনাল্ড কোম্যান। ৭৮ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রানাডার জেসাস ভালেজো। তবে দশজনের দলে পরিণত হওয়া দলটির বিপক্ষে বাকি সময়ে আর গোলের দেখা পায়নি বার্সেলোনা।

এই জয়ে ১৮ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট তুলে তালিকার শীর্ষে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ১৭ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে গ্রানাডা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here