দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। ১৮ মার্চ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব এমওইউ সই হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। এদিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা আড়াইটা থেকে মালদ্বীপের কমিউনিটির সঙ্গে সলিহর আলোচনা কর্মসূচির কথা রয়েছে।
সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর তার সম্মানে বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় ভোজে যোগ দেবেন তিনি। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। শুক্রবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।
বুধবার সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহম্মদ সলিহ। তার স্ত্রী ফাজনা আহমেদও এই সফরে তার সঙ্গে রয়েছেন।









