বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিনিধিদলের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে। ২০ মার্চ, শনিবার (আজ) বেলা ১১টার পর এ বৈঠক শুরু হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আনুষ্ঠানিক বৈঠক শুরুর পূর্বে দুই নেতা কিছু সময় একান্তে কথা বলেন।
সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা টাইগার গেইটে রাজাপাকসেকে স্বাগত জানান। বৈঠকে শেষে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ১৯ মার্চ, শুক্রবার দুই দিনের সফরে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই তার এ সফর। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচআইএসএ) তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারও প্রদান করা হয়।
দিনের শুরুতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শুক্রবার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেন।
তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজে যোগ দেন।









