ভারতের সেনাপ্রধান ঢাকায়

0
132

ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে আসেন তিনি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে ঢাকায় পৌঁছান তিনি। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি কয়েকটি সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসে ‘শিখা অনির্বাণ’র বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ভারতীয় সেনাপ্রধান জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে অভিজ্ঞতা বিনিময় করবেন। তিনি যৌথ সামরিক অনুশীলন- শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

ভারতীয় সেনাপ্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here