হিংসাত্মক কর্মকাণ্ড আর হত্যাযজ্ঞ দেখে হতাশ সোহেল তাজ

0
73

চলমান ধ্বংসাত্মক কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবকিছুর স্বচ্ছ বিচার চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, দুর্নীতি, হত্যা, গুমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। বিচার ব্যবস্থা, প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। গতকাল বুধবার রাতে এক ভিডিও বার্তায় এ দাবি জানান তিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজের ফেসবুক পেজ থেকে এ ভিডিও বার্তা প্রচার হয়।

৬ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিও বার্তায় সোহেল তাজ বলেন, দেশব্যাপী অস্থির সময়ে আপনাদের মুখোমুখি হয়েছি। কোটা সংস্কারের ন্যায্যতা নিয়ে দেশের ছাত্র-জনতা যে আন্দোলন করেছে, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমিও সোচ্চার ছিলাম। তবে বিজয়-পরবর্তী দেশজুড়ে নানা হিংসাত্মক কর্মকাণ্ড এবং সুযোগসন্ধানীদের তাণ্ডব দেখে সবার মতো আমিও ব্যথিত। এই হত্যাযজ্ঞ আর ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্র-জনতা রাজপথে নেমেছিল? দেশের সম্পদ ঐতিহ্য ধ্বংস করে আমরা নতুন প্রজন্মকে কী বার্তা দিচ্ছি? একজন সাধারণ নাগরিক হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ও উপাসনালয়ে হামলা-ভাঙচুর ও ভিন্ন দলের নেতাকর্মী হত্যার কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন তাজউদ্দীনপুত্র।

তিনি বলেন, দেশের ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে হবে। সরকার, প্রশাসনসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা ও গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছে, তার দিকে নজর দিতে হবে। অরাজকতা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here