সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছিয়ে দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ওনারা সস্ত্রীক বাসায় এসে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র দিয়ে গেছেন।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘‘এর আগে দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দ মিলে ২৬ জন নেতার নামে আমন্ত্রণ কার্ড গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার সাহেবের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন।”
সেনাকুঞ্জের এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।





