জাপান গার্ডেন সিটির সভাপতিসহ ৬ জনের নামে মামলা

0
57

রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এলাকার জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়ালকে বিষপ্রয়োগে হত্যার ঘটনায় হাউজিংটির সভাপতি আব্দুস সালামসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিরা হলেন– জাপান সিটি গার্ডেনের সেক্রেটারি শাহ নুর, সহ-সভাপতি ইয়াহইয়া এবং আরও তিন সদস্য।

রবিবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে চারটি প্রাণী সংগঠনের পক্ষে স্থপতি রাকিবুল হক এমিল এ মামলা করেন। বিচারক মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। মামলার আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান। মামলার প্রসঙ্গে বাদী রাকিবুল হক এমিল বলেন, ‘কুকুরগুলো বিষ প্রয়োগে মারা হয়েছে। একটি অপরাধ সংঘঠিত হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। যেহেতু একজন ভেটেরিনারি কর্মকর্তা মৃতদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত এবং সিআইডি ফরেনসিক করেছেন, সেহেতু পিবিআইর মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়ে সত্যিকার অপরাধী বের হয়ে আসুক এটাই আমাদের চাওয়া।’

আইনজীবী জাকির হোসেন বলেন, ‘গত বছরে ২২ নভেম্বর জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়ালকে হত্যার ঘটনায় আজ আদালতে মামলা দায়ের করা হয়। আজ মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আশা করি, প্রাণী হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের হত্যা বন্ধ হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here