স্বেচ্ছা অবসর কর্মসূচি চালিয়ে নিতে আদালতের অনুমতি পেলেন ট্রাম্প

0
56

অবশেষে মার্কিন প্রশাসনে কাটছাঁট করতে আদালতের সবুজ সংকেত পেলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক রায়ে প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছা অবসর কর্মসূচি বা বাইআউট প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ জর্জ ও’টুলি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আদালতের রায়ের পর এক বিবৃতিতে সরকার পক্ষ থেকে বলা হয়, স্বেচ্ছা অবসর কর্মসূচি সম্পূর্ণ আইন সংগত এবং কর্মীদের জন্যও ভালো একটি বিকল্প। রায়ের পর এই বিষয়ে আর কোনও সন্দেহ থাকা উচিত নয়।

সরকারি কর্মীদের জন্য কিছুদিন আগে এক অভিনব প্রস্তাব দেন ট্রাম্প। স্বেচ্ছায় অবসর নিলে আগামী আট মাসের বেতন ভাতা ও সুবিধা পাবেন তারা। এই কর্মসূচি নতুন আবেদনকারীদের জন্য এখন বন্ধ রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। গত শুক্রবার পর্যন্ত অন্তত ৬৫ হাজার কর্মী প্রস্তাব গ্রহণে সম্মত হয়েছেন বলে হোয়াইট হাউজের কিছু সূত্র জানিয়েছে।

আদালতে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা শ্রমিক সংগঠনগুলো এই রায়ের বিরুদ্ধে আপিল করবে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রায় ২৩ লাখ সরকারি কর্মী বাহিনীর আকার ছোট করতে ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনার একটি হলো এই বাইআউট প্রোগ্রাম। তার দাবি, কর্মরতদের বেশিরভাগই অদক্ষ ও তার বিরুদ্ধে কাজ করছেন। স্বেচ্ছা অবসরের প্রস্তাবের পাশাপাশি তিনি বিভিন্ন সরকারি সংস্থায় ব্যাপক পরিসরে ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছেন, কয়েকটি সংস্থায় প্রায় ৭০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের জন্য তৈরি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here