অবসরে টেনিসের সাবেক ‘এক নম্বর’

0
51

র‌্যাঙ্কিংয়ের সাবেক নম্বর ওয়ান ও দুটি গ্র্যান্ড স্লাম জয়ী সিমোনা হালেপ পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ক্লুজে নিজ দেশের ইভেন্টের প্রথম রাউন্ডে হারের পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মূলত ডোপিং নিষেধাজ্ঞার পরই ক্যারিয়ার থমকে গেছে হালেপের। গত বছর আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা কমলেও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। এই বছরের প্রথম ম্যাচ খেলতে নেমে ইতালির লুসিয়া ব্রোঞ্জেত্তির বিপক্ষে ৬-১, ৬-১ গেমে হেরেছেন তিনি।

৩৩ বছর বয়সী রোমানিয়ান তার মৌসুম শুরু করতেও দেরি করেছেন। কারণ ছিল হাঁটু ও কাঁধের ব্যথা।

ম্যাচের পর বিটি অ্যারেনায় দর্শকদের উদ্দেশ্যে হালেপ বলেছেন, ‘আমি জানি না এটা দুঃখের নাকি আনন্দের অনুভূতি, সম্ভবত দুটোই একসঙ্গে অনুভব করছি। তবে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি শান্ত মন নিয়ে। আমি সবসময় নিজের সঙ্গে বাস্তববাদী ছিলাম।’

অবসর ভাবনায় নিজের শরীর যে মূল কারণ সেটা এভাবেই উল্লেখ করেছেন হালেপ, ‘আমার শরীর আগের অবস্থানে ফিরে যাওয়ার মতো সক্ষম নয়, সেখানে পৌঁছানো খুব কঠিন এবং আমি জানি সেটার অর্থ কী। তাই আমি আজ ক্লুজে এসেছি আপনাদের সামনে খেলতে এবং টেনিস কোর্ট থেকে বিদায় জানাতে।’

হালেপ তিনটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পরাজিত হওয়ার পর অবশেষে ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনে তার প্রথম মেজর শিরোপা জিতে নেন। পরের বছর জেতেন উইম্বলডন।

২০২২ সালে ডোপ টেস্টে পজিটিভ হলে একই বছরের অক্টোবর মাসে সাময়িকভাবে নিষিদ্ধ হন তিনি। ওই বছরের ইউএস ওপেনে ডোপ টেস্টে তার রক্তে একটি নিষিদ্ধ উপাদানের উপস্থিতি ধরা পড়ে। যার অপরাধে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। ক্রীড়া আদালতে আপিল করলে গত মার্চ মাসে এই শাস্তি কমিয়ে ৯ মাস করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here