লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিলেন বিএনপির এমপি

0
5

কুমিল্লার লাকসাম উপজেলা প্রেসক্লাবের পাঁচ সদস্যের কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের নির্দেশনার বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামের নির্দেশে সোমবার পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত কমিটিতে মুজিবুর রহমান দুলালকে সভাপতি, মো. নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক, তমিজ উদ্দিন আহম্মদ চুন্নুকে যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম চৌধুরী হীরাকে সাংগঠনিক সম্পাদক এবং এম. এ জলিলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।

কমিটি গঠনের কারণ হিসেবে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে, লাকসামে দীর্ঘদিন ধরে একাধিক প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন থাকায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ, স্বাধীন সাংবাদিকতা এবং প্রকৃত গণমাধ্যমকর্মীদের মান-মর্যাদা রক্ষার লক্ষ্যে এমপি আবুল কালামের নির্দেশে ওই কমিটি গঠন করা হয়েছে।

তবে একজন সংসদ সদস্যের নির্দেশে প্রেসক্লাবের কমিটি গঠনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতারা। তারা এ ধরনের হস্তক্ষেপের সমালোচনা করেছেন। কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, ‘একজন এমপি উপজেলা প্রেসক্লাবের কমিটি দিয়েছেন- এটা লজ্জাজনক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর হস্তক্ষেপ। এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

এ বিষয়ে নবগঠিত লাকসাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি ‘এই বিষয়ে পরে কথা বলব’ বলে ফোন কেটে দেন। এদিকে কমিটি গঠনে নিজের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, ‘আমি আংশিক কমিটি দিয়েছি। আমি প্রেসক্লাবের প্যাডে কমিটি দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমার দলের সঙ্গে কথা বলে দিয়েছি। আমি তো আইনপ্রণেতা হিসেবে নতুন এসেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here